বিচিত্র স্বভাব তোমার, চরম উত্তেজনা নিয়ে এক সময় তোমাকে বলতে শুনেছিলাম, বৃষ্টি তোমার খুব প্রিয়। কিন্তু যেদিন আকাশ কালো করে মেঘ করলো, বুকের ভিতরে কালবৈশাখী চাপা রেখে, চোখে একরাশ নিম্নচাপ নিয়ে তুমি বাইরে তাকালে, কই একবার হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে চাইলে না তো, তার হিম-শীতল স্পর্শ!
তুমি বুঝি স্পর্শকাতর, তাই হয়তো সব সময় নিজের চারপাশে অদৃশ্য দেওয়াল তুলে রাখো, তবে তোমার অনাদরের পরেও বিনীত চোখ, সে কি মিথ্যে বলে!?
মিথ্যে বলে না জানি, আর কত ঠকাবে নিজ সত্তাকে, একদিন থামতে হবে তোমাকে।
বুকের মধ্যে বেড়ে ওঠা কীটগুলোর গরলে নীল হয়ে যাওয়া শরীরকে ঠেলে নিয়ে যেতে হবে, ক্লান্তিহীন সময়ের কাঁটা,
বহুদিন হলো স্বপ্নগুলো অপেক্ষায়,
ধ্রুবতারার মতো চেয়ে আছে তোমার দিকে, শুধু তোমার দেরী।
বেছে নিও নিজেকে, সামাজিকতার খোলস ছেড়ে, সবের ঊর্ধ্বে গিয়ে....
একাধিক চরিত্র একাধিক ভূমিকা, কিন্তু তুমি যে 'একক ' ।।
-Sufi | Moderator
Comments
No comments yet. Be first.
Please log in to comment.